নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুই যুগেরও বেশি সময় ধরে পরিচ্ছন্নতার কাজ করে আসা বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম (৭০) হামলার শিকার হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত তাঁকে মারধর করে দীর্ঘ ২০-২৫ বছরে জমানো সব টাকা লুট করে নিয়ে যায়। এই অমানবিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বর্তমানে ভুক্তভোগী ওই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে মেথিকান্দা স্টেশনে ট্রেন থেকে নেমেছিলেন ববি বেগম। এরপর থেকে স্টেশনটিই তাঁর ঠিকানা হয়ে ওঠে। বিনা বেতনে প্ল্যাটফর্ম ও শৌচাগার পরিষ্কারের কাজ করতেন তিনি। তাঁর সেবার কথা বিবেচনা করে রেল কর্তৃপক্ষ তাঁকে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে থাকার অনুমতি দেয়। যাত্রীদের দেওয়া ৫-১০ টাকা জমিয়েই তিনি একটি তহবিল গড়েছিলেন।
গত শনিবার রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা তাঁর কক্ষে প্রবেশ করে টাকার জন্য চড়াও হয়। টাকা দিতে না চাইলে তাঁকে শারীরিক নির্যাতন করা হয়। পরে তাঁর দীর্ঘদিনের সঞ্চয় নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মেথিকান্দা রেলস্টেশনের স্টেশনমাস্টার এস এম জসিম বলেন, "বৃদ্ধ বাক্প্রতিবন্ধী এই পরিচ্ছন্নতাকর্মীর ওপর হামলা ও টাকা লুটের ঘটনা পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও তাঁর পাশে দাঁড়িয়েছে।"
ঘটনার তদন্ত ও অপরাধীদের শনাক্তের বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, "সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিন থেকে চারজন মাদকাসক্তকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনার পর থেকেই তারা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।"
এদিকে ববি বেগমের নিরাপত্তা ও ভরণপোষণের দায়িত্ব গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, "ববি বেগমকে চাল-ডালসহ শুকনা খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি তিনি যেন জীবনের বাকি সময় স্টেশনের ওই কক্ষেই নিরাপদে থাকতে পারেন, সে ব্যবস্থাও করা হয়েছে।"






