মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ। টানা এই বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি কোথাও সড়ক ধসে পড়েছে, আবার কোথাও গাছ উপড়ে পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্র চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান মুক্তকণ্ঠকে বলেন, "গত ২৪ ঘণ্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তা এবারের মৌসুমে সর্বোচ্চ। সম্প্রতি তৈরি হওয়া মৌসুমি নিম্নচাপের প্রভাব যুক্ত হওয়ায় বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। যদিও নিম্নচাপটি এখন ভারতের ঝাড়খণ্ড ও ওডিশা এলাকায় সরে গেছে, তবু সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী অন্তত এক সপ্তাহ বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে।"

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় চট্টগ্রাম বিভাগে থেমে থেমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে।

টানা বর্ষণের প্রভাবে নগরের পতেঙ্গা এলাকায় একটি বাইপাস সড়ক ভেঙে গেছে। উড়ালসড়ক নির্মাণের সুবিধার্থে তৈরি করা এই সড়কটি সোমবার রাতে ধসে পড়ে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল বিষয়টি নিশ্চিত করে মুক্তকণ্ঠকে বলেন, "পতেঙ্গায় আউটার রিং রোডের সঙ্গে একটি উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। এ জন্য একটি বাইপাস সড়ক করা হয়েছিল। সেটি ভেঙে গেছে। তবে এখন মেরামত করা হচ্ছে।"

এদিকে আজ সকালে নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি জলাবদ্ধতা নিরসনের কাজ তদারকি করেন এবং দ্রুত পানি নিষ্কাশনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

কাতালগঞ্জ আবাসিক এলাকা পরিদর্শনের সময় মেয়র সাংবাদিকদের বলেন, "গতকাল সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো থামেনি। এর মধ্যে যেসব এলাকায় পানি জমেছে সেখানে খালের কাজ চলছে। বিশেষ করে হিজড়া খাল, জামাল খান খাল, আজব বাহার খাল ও গুলজার খাল। সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কাজ করছে। এখনো কিছু কাজ বাকি রয়েছে। তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সিটি করপোরেশনও এসব এলাকার নালাগুলো পরিষ্কার করেছে। তবে পুরোপুরি নিরসনের জন্য একটু সময় দিতে হবে। কাতালগঞ্জ নিচু এলাকা হওয়ায় পানি জমছে। বৃষ্টি থামলে পানি এক থেকে দেড় ঘণ্টার মধ্যে নেমে যাবে।"

মেয়র আরও জানান, জলাবদ্ধতা প্রবণ এলাকা হিসেবে পরিচিত প্রবর্তক মোড়, বহদ্দারহাট, বাকলিয়া, চকবাজার ও মুরাদপুর এলাকায় এবার পানি ওঠেনি।

অন্যদিকে, বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে থাকা ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ের আজকের নির্ধারিত অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা মুক্তকণ্ঠকে বলেন, "প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষা কমিটির প্রস্তাব অনুযায়ী আজকের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা পরবর্তী সময়ে নেওয়া হবে। পরে পরীক্ষার সময়সূচিও জানিয়ে দেওয়া হবে।"