সন্তানের আচরণগত ও মানসিক পরিবর্তন এবং এ বিষয়ে অভিভাবকদের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। ২০২৪ সালের ২৮ এপ্রিল মুক্তকণ্ঠ ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় তিনি ‘সহনশীল প্যারেন্টিং কী ও কেমন?’ শীর্ষক বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন।

সন্তানদের বেড়ে ওঠার প্রক্রিয়ায় বাবা-মায়ের সচেতনতার ওপর গুরুত্বারোপ করে ডা. ফারজানা রহমান বলেন, ‘সন্তানের বন্ধু তালিকায় হঠাৎ বদল, স্কুল-কলেজ থেকে নালিশ আসা, দৈনিক রুটিনের পরিবর্তন কিংবা নিজেকে গুটিয়ে রাখার মতো লক্ষণ দেখলে বাবা-মাকে অবিলম্বে সচেতন হতে হবে। বিশেষ করে সন্তান যদি হতাশাগ্রস্ত হয়ে ‘বেঁচে থেকে লাভ নেই’—জাতীয় আত্মহননমূলক কথা বলে, তবে বিষয়টিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না।’

আলোচনায় তিনি আরও উল্লেখ করেন যে, সন্তানের মধ্যে এমন অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে অভিভাবক হিসেবে বিচলিত না হয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, এমন পরিস্থিতিতে দেরি না করে অতিসত্ত্বর সন্তানকে নিয়ে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।