রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসের ঘটনায় লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লক্ষ্মী বিলাস চাকমা ওই এলাকার মৃত ধরনাচাষ্য চাকমার ছেলে।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে, লক্ষ্মী বিলাস চাকমার বাড়িটি পাহাড়ের পাদদেশে অবস্থিত। আজ সকালে তিনি বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন। ওই সময় আকস্মিকভাবে পাহাড়ের একটি অংশ তাঁর ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পাহাড়ধসে একজনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘খবর পেয়েই আমি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। সেখানে পৌঁছালে বিস্তারিত তথ্য জানা যাবে।’






