নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নে মেঘনার একটি শাখানদীতে জাল পাতার সময় তীব্র স্রোতের মুখে পড়ে এক জেলে প্রাণ হারিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মিলন (৫২)। তিনি নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের আবদুল বারেকের ছেলে। গতকাল দুপুরে নদীতে জাল পাততে গিয়ে তিনি নিখোঁজ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে অন্যান্য জেলেদের সাথে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খেয়াসংলগ্ন মেঘনার শাখানদীর পাড়ে জাল পাততে গিয়েছিলেন মিলন। কাজ চলাকালীন হঠাৎ জোয়ারের তীব্র স্রোতে তিনি ভেসে যান। সঙ্গে থাকা জেলেরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরবর্তীতে সন্ধ্যার দিকে তাঁর লাশ নদীতে ভেসে ওঠে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। তিনি বলেন, "এ ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।"