বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি গত শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই তারকাখচিত বিয়ে নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা। তবে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের আড়ালে ছিল গোপনীয়তার কঠোর সব শর্ত।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল এক হাজারের বেশি। বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, অতিথিদের কাছে ওয়াটারমার্কযুক্ত ডিজিটাল আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। সেই সঙ্গে প্রত্যেককে স্বাক্ষর করতে হয়েছে একটি বিশেষ গোপনীয়তা রক্ষার চুক্তিপত্র বা এনডিএ-তে, যাতে অনুষ্ঠানের কোনো তথ্য বাইরে প্রকাশ না পায়।
বিয়ের আসরে উপস্থিত হতে দেখা গেছে এড শিরান, ব্র্যাডলি কুপার, জোয়ে ক্রাভিটজ, জ্যাক অ্যান্টোনফ, জিজি হাদিদ, ডাকোটা জনসন, ইথান হক, জেসন সুদেইকিস, হিউ গ্রান্ট ও ক্যামিলা কাবেইয়োর মতো তারকাদের। ভ্যারাইটির দাবি, টম হ্যাঙ্কস, স্টিভেন স্পিলবার্গ, পল ম্যাককার্টনি, সাশা ব্যারন কোহেন, এএমসি থিয়েটার্সের প্রধান নির্বাহী অ্যাডাম অ্যারন এবং ডিজনির সাবেক প্রধান নির্বাহী বব আইগারও গোপনে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
পিপল ম্যাগাজিন নিশ্চিত করেছে যে, অতিথিদের তালিকায় আরও ছিলেন এমা স্টোন, স্টিফেন কোলবার্ট, কনান ও’ব্রায়েন, মিলি ববি ব্রাউন, আইস স্পাইস, ব্র্যাড পিট, গ্রেসি অ্যাব্রামস, রোনান ফ্যারো, সেন্ট ভিনসেন্ট, অ্যাডাম স্কট, জেনিফার লোপেজ, পল রাড ও সেথ মেয়ার্স। আমন্ত্রিত থাকলেও কনসার্ট সফরের কারণে হ্যারি স্টাইলস উপস্থিত হতে পারেননি। অন্যদিকে জেনিফার অ্যানিস্টন আমন্ত্রণ পেলেও শেষ পর্যন্ত যোগ দেননি বলে জানা গেছে।
ভ্যারাইটির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিয়ের থিম বা ড্রেস কোড নিয়ে অতিথিরা প্রায় অন্ধকারে ছিলেন। এক ডজনের বেশি সূত্র জানিয়েছে, অনেককে শুধু ৩ জুলাই সকালের মধ্যে নিউইয়র্ক সিটিতে উপস্থিত থাকতে বলা হয়েছিল এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়। এই ধোঁয়াশা অতিথিদের মধ্যে কৌতূহল ও বিভ্রান্তি তৈরি করে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিয়ে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা বেশ কিছু ছবি ও ভুয়া অতিথি তালিকা ছড়িয়ে পড়েছে। এসব গুঞ্জন নিয়ে নবদম্পতি এখনো মুখ খোলেননি। তবে বিয়ের আয়োজক ও খ্যাতনামা ওয়েডিং প্ল্যানার মার্ক সিড দাবি করেছেন, সবকিছু ছাপিয়ে অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়েছে।






