স্বাধীন চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার মুক্তি পাচ্ছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ২৬ আগস্ট রাত ১২টা থেকে দেশ-বিদেশের দর্শকেরা সিনেমাটি দেখতে পারবেন।
নির্মাতা আকাশ হক ছাত্ররাজনীতির ভেতরের ক্ষমতার পালাবদল, পদ পাওয়ার প্রতিযোগিতা, গ্রুপিং, হল–রাজনীতি, টাকার লেনদেন এবং ক্ষমতার দ্বন্দ্বে তরুণদের জড়িয়ে পড়ার বাস্তবতাকে হাস্যরসের আবহে সাজিয়েছেন সিনেমায়। ক্ষমতার সঙ্গে যুক্ত হয়ে একজন শিক্ষার্থী কীভাবে ‘রাজা’ হয়ে ওঠেন, আবার ক্ষমতা হারিয়ে কীভাবে নিঃস্ব হয়ে পড়েন—এ ধরনের ঘটনাও উঠে এসেছে বলে জানানো হয়েছে। পাশাপাশি নেতার কাছাকাছি যেতে বা আস্থাভাজন হতে কিছু কর্মীর ‘পন্থা’ও বাদ যায়নি।
সিনেমার ‘সহমত ভাই’ গানেও অতি-আনুগত্যের সংস্কৃতির ব্যঙ্গাত্মক রূপ ধরা পড়েছে। গানের কথাগুলো এমন—‘নেতা আপনি শুধু আগান আমরা আছি পাশে/ আপনার জন্য জীবন দেব দলকে ভালোবেসে/ আপনি যদি ডানে আগান আমরা যাব ডানে/ আপনি যদি ভাসেন নেতা আমরা ভাসব বানে/ সামনে যদি বুলেট আসে পেতে দেব বুক/ আপনা দুঃখে দুঃখী আমি আপনার সুখে সুখ।’
আকাশ হকের মতে, গুরুগম্ভীর রাজনৈতিক বক্তব্যের বদলে হাস্যরসের মাধ্যমে পরিচিত বাস্তবতার দিকে দর্শকের দৃষ্টি ফেরানোর চেষ্টা করা হয়েছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ও প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানোর পর পাওয়া প্রতিক্রিয়ার কথাও জানিয়েছেন নির্মাতা আকাশ হক। তিনি বলেন, ‘আমার মনে হয়, মানুষ সিনেমাটার হিউমার খুব ভালোভাবে গ্রহণ করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেকেই আমাকে বলেছেন—ভাই, এই চরিত্রটা তো আমাদের বিশ্ববিদ্যালয়ের অমুক ভাইয়ের মতো। অনেকেই বলেছেন—এটি একটা সাহসী কাজ। কিন্তু আমার কাছে সাহসী হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ দর্শকের মনে হওয়া যে—হ্যাঁ, এই কথাটা বলা দরকার ছিল।’
‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ আকাশ হকের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করার পর গণরুমে তাঁর তিক্ত অভিজ্ঞতাসহ নিজের দেখা চারপাশের নানা ঘটনা সিনেমা নির্মাণে অনুপ্রেরণা জুগিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মতো বড় পরিসরে গল্প বলতে গিয়ে রাজনীতিকে গুরুত্ব দেওয়ার প্রসঙ্গে আকাশ হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আমার কাছে শুধু ছাত্ররাজনীতির গল্প নয়; এটা বাংলাদেশের বৃহত্তর ক্ষমতার কাঠামোর একটা ছোট সংস্করণ। এখানকার ক্ষমতার খেলা, পদ পাওয়ার জন্য যে প্রতিযোগিতা, সিনিয়র-জুনিয়র সম্পর্ক, গ্রুপিং—এগুলো শুধু ক্যাম্পাসের বিষয় না, এগুলো আমাদের সমাজ ও রাষ্ট্রের প্রতিচ্ছবি। তাই বিশ্ববিদ্যালয়কে নিয়ে সিনেমা করতে গিয়ে রাজনীতিকে এড়িয়ে যাওয়াটা আমার কাছে বরং অস্বাভাবিক মনে হয়েছে।’
রাজনীতি নিয়ে হাস্যরসধর্মী গল্প বেছে নেওয়ার আগে ঝুঁকির কথাও ভাবতে হয়েছিল বলে জানান তিনি। আকাশ হক বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলকে টার্গেট করিনি। আমি একটা কালচার, একটা সিস্টেম এবং একটা মানসিকতা নিয়ে কথা বলতে চেয়েছি। আমার একমাত্র লক্ষ্য ছিল বাস্তবতার সঙ্গে দায়িত্বশীল থাকা, যতটুকু সম্ভব। সেন্সর বোর্ড আমাদের হতাশ করেনি, রীতিমতো প্রশংসাই করল বলে মনে হলো।’
সিনেমাটিতে বাড়তি মাত্রা যোগ করেছে ‘সহমত ভাই’ গানটি। তাবিব মাহমুদের লেখা, সুর ও কণ্ঠে গানটির মিউজিক কম্পোজিশন করেছেন শুভ্র রাহা। ‘র্যাপ ঢঙে অনেক জটিল কথা সরাসরি বলা যায়। এই সিনেমার পরিবেশের সঙ্গে র্যাপের তালটাই মানায় বলে আমার মনে হয়েছে।’—এমন মন্তব্য করেছেন নির্মাতা।
প্রেক্ষাগৃহসহ বিভিন্ন জায়গায় ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ প্রদর্শিত হলেও এখনো অনেক দর্শকের কাছে সিনেমাটি পৌঁছায়নি বলে বলা হয়েছে। চরকির মাধ্যমে দেশ-বিদেশের দর্শকের কাছে সিনেমাটি পৌঁছানোর সুযোগ তৈরি হওয়ায় আরও বড় পরিসরের দর্শক সিনেমাটি দেখতে পারবেন বলে আশা করছেন আকাশ হক।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়ীদ, ইফাদ হাসান, চয়ন মন্ডল, এস এ জীবন, মেহেদী হাসান সোহানসহ আরও অনেকে। পরিচালনার পাশাপাশি ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’–এর প্রযোজনা, চিত্রনাট্য, সম্পাদনা ও চিত্রগ্রহণের কাজও করেছেন আকাশ হক।