বলিউডের অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত এবং অভিনেত্রী তাপসী পান্নুর দীর্ঘদিনের তিক্ততা আবারও সামনে এসেছে। সম্প্রতি তাপসীর একটি মন্তব্যের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে তীব্র আক্রমণ করেন কঙ্গনা, যদিও পরবর্তীতে সেই পোস্টগুলো মুছে ফেলা হয়।

বর্তমানে নেটফ্লিক্সের নতুন সিনেমা ‘গান্ধারী’-এর প্রচারে ব্যস্ত তাপসী পান্নু। প্রচারণার অংশ হিসেবে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনার সঙ্গে তাঁর পুরোনো দ্বন্দ্বের প্রসঙ্গ টেনে তিনি জানান, কঙ্গনার সঙ্গে তাঁর কখনো দেখা হয়নি। এমনকি ২০১৯ সালে বিতর্ক শুরু হওয়ার সময় কিংবা এখন পর্যন্ত তাঁদের কোনো সাক্ষাৎ হয়নি।

তাপসী বলেন, কঙ্গনাকে নিয়ে তাঁর মতামত তাঁর নিজের বেড়ে ওঠা, কথা বলার ধরন এবং বিষয়গুলো দেখার দৃষ্টিভঙ্গির প্রতিফলন। কঙ্গনারও তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। কে কোথা থেকে এসেছেন, সেটিই সবার জন্য অনেক কিছু বলে দেয়—এমন ইঙ্গিত দেন তাপসী।

তাপসীর এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে গত শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে নাম উল্লেখ না করেই কঙ্গনা লেখেন, ‘এক সস্তি কপি’ তাঁর নতুন বি-গ্রেড সিনেমার প্রচারে বেরিয়েছেন, কিন্তু বরাবরের মতো তাঁর সিনেমার চেয়ে সংবাদমাধ্যমের আগ্রহ বেশি কঙ্গনা রনৌতকে নিয়ে।

এরপরই ব্যক্তিগত আক্রমণ করে কঙ্গনা দাবি করেন, তাপসী তাঁর বেড়ে ওঠা ও মা-বাবাকে নিয়ে উপহাস করেছেন। কঙ্গনা লেখেন, সব মা–বাবা তাঁদের সন্তানদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। তিনি কখনো কোনো বিতর্কে প্রতিপক্ষের মা–বাবাকে টেনে আনেননি। তবে এবার তাপসীর মা-বাবাকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলেছেন তিনি—তাঁরা কেন তাঁর মা-বাবার মতো একজন ‘অরিজিনাল’ মানুষকে জন্ম দিতে পারলেন না।

নিজের পরিবার প্রসঙ্গে কঙ্গনা দাবি করেন, অনেকে তাঁর বেড়ে ওঠা, মা-বাবা ও পারিবারিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, শহরের প্রান্তিক এলাকায় ছোট ও স্যাঁতসেঁতে ভাড়া বাড়িতে বেড়ে ওঠা এবং ‘সন্দেহজনক’ পারিবারিক পটভূমির মানুষ প্রায়ই তাঁর পরিবারকে নিয়ে প্রশ্ন তোলেন। নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, তিনি একটি পরিচিত রাজপুত জমিদার পরিবার থেকে এসেছেন এবং শিক্ষিত ও মর্যাদাসম্পন্ন মা-বাবার কাছে বড় হয়েছেন। কঙ্গনার দাবি, তিনি নিজের পছন্দেই শূন্য থেকে ক্যারিয়ার শুরু করেছিলেন, তাই তাঁর মা-বাবাকে আক্রমণ করার কোনো কারণ নেই। তবে রোববার সকাল নাগাদ এই স্টোরিগুলো মুছে ফেলা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল তাপসীকে কঙ্গনার ‘সস্তি কপি’ বা ‘সস্তা নকল’ বলে মন্তব্য করার মাধ্যমে এই দ্বন্দ্বের সূত্রপাত হয়। ২০২০ সালে বলিউডের স্বজনপ্রীতি ও ‘আউটসাইডার’ বিতর্ক চলাকালীন কঙ্গনা তাপসীসহ কয়েকজন অভিনেত্রীকে ‘বি-গ্রেড অভিনেত্রী’ এবং ‘নিডি আউটসাইডার’ বলে অভিহিত করেন, যার পাল্টা জবাব দিয়েছিলেন তাপসী। নাম না নিয়েই এই অভিনেত্রীকে ‘পকেটমার’ বলেছিলেন কঙ্গনা।

এত বছর পরও তাঁদের বিরোধ শেষ হয়নি। তবে তাপসী একাধিকবার জানিয়েছেন, মতের অমিল থাকলেও কঙ্গনার সঙ্গে বন্ধুত্ব করতে তাঁর আপত্তি নেই। যদিও কঙ্গনার সাম্প্রতিক প্রতিক্রিয়া বলছে, তাঁদের সম্পর্ক এখনো যথেষ্ট তিক্ত।