বেলা ১১টার সময় ব্রাজিলের ফুটবলার নেইমারের একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘দল হারবে, জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ এমন পোস্ট করার ১৫ মিনিট পর সড়ক দুর্ঘটনায় মারা যান মো. জুয়েল রানা (২৫) নামের এক তরুণ। আজ সোমবার বেলা সোয়া ১১টার সময় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দারোগা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত জুয়েল রানা চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যাপাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। তিনি উপজেলা সদরে নিজেদের কাপড়ের দোকান চালাতেন।

পুলিশ জানায়, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও নরওয়ের খেলা দেখার পর আজ একটু দেরি করে উপজেলা সদরে অবস্থিত দোকানে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন তিনি। একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠার আগমুহূর্তে ফেসবুকে ব্রাজিলের নেইমারকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেন। গাড়ি ছাড়ার ১৫ মিনিট পর দুর্ঘটনার শিকার হন তিনি এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে আরেকটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান।

নিহত জুয়েল রানার প্রতিবেশী বাপ্পারাজ তালুকদার বলেন, ‘জুয়েল ভালো ফুটবল খেলতেন। কয়েক দিন আগেও চাম্বল মাঠে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। কিন্তু আজ তিনি নেই। এটি মানতে খুব কষ্ট হচ্ছে।’

জুয়েলের ছোট ভাই মো. আরাফাত বলেন, ‘ব্রাজিল হারার পর এমনিতেই মন খারাপ ছিল ভাইয়ার। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে দোকানে যাওয়ার সময় দুর্ঘটনায় মারা গেলেন তিনি।

জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘আমরা দুর্ঘটনার শিকার দুইটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।