বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল-নরওয়ে ম্যাচটি এবার গ্যালারিতে বসেই উপভোগ করেছেন অভিনেত্রী সাফা কবির। মাঠে বসে খেলা দেখার পাশাপাশি ক্যামেরাবন্দী করেছেন ম্যাচের বেশ কিছু স্মরণীয় মুহূর্ত। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি পোস্ট করে সাফা লিখেছেন, এ অভিজ্ঞতা জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
সাফা কবির লিখেছেন, ‘নেইমার জুনিয়র ও আর্লিং হলান্ডকে একই ফ্রেমে বন্দী করতে পেরেছি, এখনো বিশ্বাস করতে পারছি না। এটা সত্যিই এক অবিস্মরণীয় মুহূর্ত। বিশ্বের সেরা দুই ফুটবলারের এত কাছ থেকে খেলা দেখতে পেরে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে।’
.নরওয়ের তারকা হলান্ডের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘পুরো খেলায় হলান্ড ছিলেন অসাধারণ। অন্যদিকে ব্রাজিল খেলেছে হৃদয়, আবেগ ও গর্ব নিয়ে। তবে ম্যাচের ফলের চেয়েও আমাকে বেশি মুগ্ধ করেছে দুই দলের প্রতিটি খেলোয়াড়ের লড়াইয়ের মানসিকতা। শেষ মুহূর্ত পর্যন্ত সবাই নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন।’
বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশের খেলোয়াড়দের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন সাফা কবির। তিনি লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশ এবং নিজেদের দেশের হয়ে সাহস, নিষ্ঠা ও হৃদয় দিয়ে লড়াই করা প্রতিটি খেলোয়াড়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা। এমন মুহূর্তগুলোই মনে করিয়ে দেয়, কেন ফুটবলকে “দ্য বিউটিফুল গেম” বলা হয়।’
.ভবিষ্যতেও বিশ্বের সেরা ফুটবলারদের খেলা মাঠে বসে দেখার ইচ্ছার কথাও জানিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আশা করি, একদিন আরও অনেক কিংবদন্তি ফুটবলারের খেলা কাছ থেকে দেখার সুযোগ হবে। তত দিন পর্যন্ত এই অভিজ্ঞতাই আমার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে।’
সাফা কবিরের প্রকাশ করা ছবিগুলোতে গ্যালারির আবহ, মাঠের উত্তেজনা এবং নেইমার-হলান্ডকে এক ফ্রেমে দেখা যাওয়ার মুহূর্ত ভক্তদেরও দৃষ্টি কেড়েছে। পোস্টটি প্রকাশের পর অনেকেই তাঁর সৌভাগ্যের প্রশংসা করেছেন। মাহমুদ রনি নামের একজন লিখেছেন, ‘আপনি ভাগ্যবান, খেলা সরাসরি দেখেছেন। ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন।’ একজন লিখেছেন, ‘ব্রাজিল ১ গোল ও নরওয়ে ২ গোল দিয়েছে। এমন খেলা কাছ থেকে দেখতে পারাটা আনন্দের।’
.মেহজাবীনের স্বপ্নপূরণ, ব্রাজিলের বিদায়—মেটলাইফে স্মরণীয় এক রাত.খেলা শুরুর আগেই সাফা পৌঁছে যান স্টেডিয়ামে। সেটাও ছবি পোস্ট করে ভক্তদের জানিয়ে দেন তিনি, সরাসরি খেলা দেখেছেন। কারণ, অনেকেই ভেবেছিলেন, এআই দিয়ে তৈরি করা ছবি। যে কারণে সাফা ভক্তদের উদ্দেশে ভিডিও পোস্ট করেন। তিনি এক পোস্টে লিখেছেন, ‘আজ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে, একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’






