সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অষ্টম শ্রেণির তিন শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলো উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমানের ছেলে রায়হান আহমদ রাহুল (১৬) ও লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)। তারা সবাই স্থানীয় আমির আলী উচ্চবিদ্যালয়ের ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পরীক্ষা শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে জাফলং চা-বাগান এলাকায় ঘুরতে বের হয়। রাধানগর বাজারের দিকে যাওয়ার পথে বেলা একটার দিকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই সাকিব নিহত হয়। গুরুতর আহত অবস্থায় রায়হান ও জয়কে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাতটার দিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের এবং রাত ৯টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়ের মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজীব রায় বলেন, নিহত শিক্ষার্থীদের মধ্যে একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।






