প্রথম দুবার বাংলাদেশ থেকে কোনো ক্লাব অংশ না নিলেও এবার এএফসি নারী চ্যাম্পিয়নস লিগের তৃতীয় আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস। বাংলাদেশের নারী ফুটবলের কোনো ক্লাবের এটাই হবে প্রথম এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ।
আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২০২৬-২৭ আসরের প্রাথমিক পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে ‘এ’ গ্রুপে থাকা রাজশাহী স্টারস প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গল, গুয়ামের রোভার্স এফসি এবং স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফসিকে। ‘এ’ গ্রুপের ম্যাচগুলো আগামী ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে।
দেশের নারী ফুটবলে একেবারে নবাগত দল রাজশাহী স্টারস। তবে ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমাসহ জাতীয় দলের একঝাঁক তারকা ফুটবলারকে নিয়ে দল গড়ে নিজেদের প্রথম মৌসুমেই (২০২৫–২৬) তারা ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হয়েছে।
এবার দেশের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরার পালা। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টকে সামনে রেখে আন্তর্জাতিক মানের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করছে ক্লাবটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী স্টারসের সভাপতি মোখছেদুল কামাল বাবু বলেন, ‘রাজশাহী শুধু একটা দল হিসেবে নয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবেই মাঠে নামবে।’
প্রাথমিক পর্বে টুর্নামেন্টের ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল মূল পর্বে খেলবে। প্রাথমিক পর্ব থেকে উঠে আসা এই ছয় দল সরাসরি মূল পর্বে জায়গা পাওয়া বাকি ছয় দলের সঙ্গে যোগ দেবে।






