পঞ্চগড়ের বোদা উপজেলায় বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে খুশি রানী (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা–বাবা।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের হলদিয়াপুকুর এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খুশি রানী বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের বন্দরপাড়া এলাকার কুকিল চন্দ্র ও সুরমা রানী দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, এক স্বজনের বাড়িতে দাওয়াত খেয়ে সন্ধ্যায় খুশি রানীকে নিয়ে তার মা–বাবা মোটরসাইকেলে পঞ্চগড় জেলা শহর থেকে বাড়ি ফিরছিলেন। শিশুটি মোটরসাইকেলের সামনে বসেছিল। পথে ময়দানদীঘি-হলদিয়াপুকুর এলাকায় বোদা হাইওয়ে থানার সামনে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক্টর তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ ঘটনায় খুশি রানী ও তার মা–বাবা সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাক্টরের একটি চাকা শিশুটির পেটের ওপর দিয়ে চলে যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় বোদা হাইওয়ে থানার পুলিশ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক খুশি রানীকে মৃত ঘোষণা করেন। তাঁর মা–বাবা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ট্রাক্টরটি রেখে চালক পালিয়ে যান।
বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, ট্রাক্টরের ধাক্কায় বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে থাকা শিশুটি ছিটকে পড়ে যায়। পরে চাকার নিচে পড়ে মারা যায়।






