মুক্তকণ্ঠ ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ২৮ এপ্রিল মুক্তকণ্ঠ ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। তিনি সহনশীল প্যারেন্টিং কী ও কেমন? এই বিষয়ের উপর আলোচনা করেন।  উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

ডা. ফারজানা রহমান বলেন, সন্তান যা চায় বিচার-বিবেচনা ছাড়াই তা মেনে নেওয়া বা অতিমাত্রায় সহনশীল প্যারেন্টিং সন্তানের স্বাভাবিক বেড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সহনশীল প্যারেন্টিং ভালো হলেও অতিমাত্রায় সহনশীলতা মোটেও ভালো নয়। বাবা-মা যদি সন্তানের জন্য সবকিছু সহজ করে দেন এবং যা চাচ্ছে তা-ই দিয়ে দেন, তবে সন্তান জীবনে ‘না’ পাওয়ার বেদনার সঙ্গে অভ্যস্ত হতে পারে না।

তিনি আরও স্মরণ করিয়ে দেন, মানুষের জীবনে জয়-পরাজয় ও আনন্দ-বেদনা থাকবে—এটিই স্বাভাবিক। তাই সন্তানদের বাস্তবতার মুখোমুখি হতে না দিলে ভবিষ্যতে তাদের মানসিক বিকাশ ও প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা বাধাগ্রস্ত হয়।