মধ্যপ্রাচ্য ও সাইপ্রাস অঞ্চলের জন্য প্রকাশিত মর্যাদাপূর্ণ ‘ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০’ তালিকায় সেরা ফিনটেক প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত ‘ফান্ডেডনেক্সট’। বিশ্বের শীর্ষস্থানীয় প্রফেশনাল সার্ভিস নেটওয়ার্ক ডেলয়েটের এই র্যাঙ্কিংয়ে সামগ্রিকভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
ফান্ডেডনেক্সট মূলত সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফিনটেক গ্রুপ নেক্সট ভেঞ্চারসের একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই গৌরবময় অর্জনের কথা জানানো হয়। মূলত গত চার বছরের স্বাধীনভাবে নিরীক্ষিত আয়ের প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে ডেলয়েট এই তালিকা তৈরি করেছে। আঞ্চলিক এই সাফল্যের পাশাপাশি ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের ২৪টি দেশের ৫০০টি দ্রুত বর্ধনশীল প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকায় (ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০০ ) ১১তম স্থান দখল করেছে ফান্ডেডনেক্সট।
.এই সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটির দুই তরুণ প্রতিষ্ঠাতা সৈয়দ আবদুল্লাহ জায়েদ ও সৈয়দ আবদুল্লাহ গালিব বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে এই বৈশ্বিক স্বীকৃতি অর্জনের গৌরব লাভ করলেন।
২০২২ সালে যাত্রা শুরু করা ফান্ডেডনেক্সট মাত্র কয়েক বছরের মধ্যে বিশ্বের ১৭০টির বেশি দেশে তাদের সেবা ছড়িয়ে দিয়েছে। নেক্সট ভেঞ্চারসের উদ্যোগগুলোর ‘এফএনমার্কেটস’ নামক একটি নিয়ন্ত্রিত ব্রোকারেজ হাউসও রয়েছে। প্রধান কার্যালয় সংযুক্ত আরব আমিরাত।
মালয়েশিয়া, সাইপ্রাস ও শ্রীলঙ্কায় কাজ করে। মূল ব্যাক-অফিস বাংলাদেশে। দেশের মাটিতে নেক্সট বাংলাদেশ লিমিটেড বর্তমানে পাঁচ শতাধিক কর্মীর কর্মসংস্থান করেছে, যা দেশের তথ্যপ্রযুক্তি খাতে বৈদেশিক রেমিট্যান্স অর্জনে অন্যতম শীর্ষ ভূমিকা পালন করছে।
.এই ঐতিহাসিক অর্জন প্রসঙ্গে নেক্সট ভেঞ্চারসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ জায়েদ মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, ‘ডেলয়েট ফাস্ট ৫০-এ স্থান পাওয়া আমাদের জন্য অত্যন্ত বিশেষ এবং গর্বের। কারণ, এই র্যাঙ্কিংয়ে কোনো প্রতিষ্ঠানের প্রভাব বিস্তারের সুযোগ নেই; এটি পুরোপুরি চার বছরের স্বাধীনভাবে নিরীক্ষিত আয়ের প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। বাংলাদেশি শিকড় থেকে উঠে আসা একটি প্রতিষ্ঠান আজ ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দ্রুত বর্ধনশীল প্রযুক্তি সংস্থাগুলোর কাতারে সম্মানের সঙ্গে উচ্চারিত হচ্ছে, যা আমাদের পুরো দলের জন্য অনেক বড় অনুপ্রেরণা।’
ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০-এর বিস্তারিত ফলাফল ডেলয়েটের অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যাবে।






