চলতি বছরের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ লেখেন অভিনেত্রী নাজনীন নীহা। সেই সময়েই তাঁর বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল শুরু হয়। হঠাৎই আজ সোমবার এই অভিনেত্রী জানালেন, তিনি ‘এনগেইজড’।

এর পর থেকে ভক্তদের মাঝে আবার শুরু হয়েছে নীহার বিয়ে নিয়ে কৌতূহল। সবার প্রশ্ন, কাকে বিয়ে করছেন এই অভিনেত্রী? এদিকে শোনা যাচ্ছে, পাকিস্তানের কোনো ছেলের সঙ্গে এই অভিনেত্রীর প্রেম রয়েছে।

ফেসবুকে এনগেইজড পোস্ট করার পরেই দেশের বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে যেতে থাকে—এই অভিনেত্রী যাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, সেই ছেলেটি পাকিস্তানি। কোনো কোনো গণমাধ্যম এটাও লিখছে, কয়েক মাস আগে দেশের বাইরে ঘুরতে গিয়েছিলেন নীহা। সেই সময়েই তাঁদের পরিচয় হয় এবং পরবর্তী সময় ঘটনা পারিবারিক ভাবে গড়ায়। দুই পরিবারের সম্মতিতেই এই বিয়ে হতে যাচ্ছে।

‘এদিকে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছে আপনার প্রেমিক পাকিস্তানের নাগরিক, এ প্রসঙ্গে আপনার মন্তব্য কী?’ অভিনেত্রী নীহাকে এমন প্রশ্ন করা হলে এর কোনো উত্তর দেননি। তিনি শুধু জানালেন, ‘এখন আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলার জন্য আপাতত এতটুকুই, আমি এখন এনগেইজড।’

নীহা মুক্তকণ্ঠকে আরও বলেন, ‘দেখুন, এই এনগেইজড হওয়ার কথা কিন্তু কাউকে খুঁজে বের করতে হয়নি। আমি এনগেইজড, এটা নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে কোনো একটা উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেইজড, সেই পরিচয়ও পেয়ে যাবেন।’