কুষ্টিয়ায় মিছিল ও মোটর শোভাযাত্রা করেছেন জাপান ফুটবল দলের সমর্থকেরা। আজ সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদিক্ষণ করেন তাঁরা। এ সময় থানা মোড় হয়ে পৌরসভা মোড় ঘুরে গোসালা সড়কের সামনে গিয়ে এ কর্মসূচি শেষ হয়।

কুষ্টিয়া জাপান সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ কর্মসূচিতে জাপান ফুটবল দলের জার্সি বিতরণ করা হয়। শোভাযাত্রায় শতাধিক নারী পুরুষ ও শিশু সমর্থকের সঙ্গে ছিল ব্যান্ডপার্টিও। এ ছাড়া ছোট ট্রাকে সাউন্ড সিস্টেমে জাপান ফুটবল দলের সমর্থনে স্লোগান দেওয়া হয়।

শোভযাত্রায় জাতীয় ফুটবল পুরুষ দলের সাবেক খেলোয়াড় ও কুষ্টিয়ার বাসিন্দা আকরাম হোসেন এবং জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় কুষ্টিয়ার বাসিন্দা নিলুফা ইয়াসমিন নীলা অংশ নেন।

শোভযাত্রার উদ্যোক্তা ও আয়োজক চিকিৎসক এস এম মুসতানজিদ মুক্তকণ্ঠকে বলেন, ‘জাপান আমাদের ঘনিষ্ঠ বন্ধু। এশিয়ার অন্যতম সেরা ফুটবল দল। তাদের পাশে থেকে সমর্থন জানাচ্ছি। আশা করছি, ব্রাজিলকে অন্তত ২ গোলের ব্যবধানে হারাবে জাপান এবং সেরা ১৬–তে জায়গা করে নেবে।’

কুষ্টিয়ার কৃতীসন্তান জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় নিলুফা ইয়াসমিন মুক্তকণ্ঠকে বলেন, ‘যদিও আমি ব্রাজিল দলের সমর্থক। তারপর মুসতানজিদ স্যার আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এ জন্য এসেছি। আমি চাইব, একদিন বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এবং সেখানে বাংলাদেশের পতাকা উড়বে।’

জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আকরাম হোসেন বলেন, ‘হার–জিত থাকবে। তবে আজকের খেলা ভালো হবে, আশা করছি।’