সম্প্রতি ‘বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন (বিএআইডি) ২০২৫’ শীর্ষক পুরস্কার বিতরণ করা হয়েছে। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো এ পুরস্কার প্রদান করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্জার পেইন্টস এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ইন্টেরিয়র ডিজাইনের অসাধারণ প্রতিভাকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে পুরস্কারটি প্রদান করা হয়। এই প্ল্যাটফর্মে সেসব সৃজনশীল ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়। বিএআইডি ২০২৫-এ প্রফেশনাল ও অ্যামেচার—এ দুটি বিভাগে মোট ২০৮টি প্রকল্প জমা পড়ে। এর মধ্য থেকে এ বছর সাতটি প্রকল্প পুরস্কৃত করা হয়েছে।
এবার প্রফেশনাল বিভাগে মেকওভারস বাই আনমন (স্থপতি নাজিফা তাবাসসুম ও স্থপতি আজরিন আলম), কবিতা কুঞ্জ (স্থপতি জুবায়ের হাসান ও স্থপতি তাহমিদা আফরোজ), সোল (স্থপতি উৎস জামান) এবং অজো আইডিয়া স্পেস, গুলশান (স্থপতি মো. রবিউল ইসলাম) এবং অ্যামেচার বিভাগে বীর চট্টলা (সঙ্গীতা চৌধুরী) পুরস্কার পায়। এ ছাড়া প্রফেশনাল বিভাগে যাত্রা বাংলাদেশ (স্থপতি সারাওয়াত ইকবাল ও স্থপতি মনন-বিন ইউনুস) এবং ছেই ব্লু (স্থপতি রাহাত ইবনে হাসান, স্থপতি বিন সাঈদ বখতি ও স্থপতি রাকিব আহমেদ সরকার) প্রকল্পকে কমেন্ডেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘মাস্টার অব মাস্টার্স’ খ্যাত স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস এবং বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী হক চৌধুরী, প্রধান পরিচালন কর্মকর্তা ও পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






