‘স্যালুট মুক্তকণ্ঠ তোমায় এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০২৬’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। মুক্তকণ্ঠের কলকাতা প্রতিনিধি অমর সাহার লেখা এই বইটি প্রকাশ করেছে ঢাকার অমর প্রকাশনী।
শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে অমর প্রকাশনীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটির মোড়ক উন্মোচন করেন নাট্যব্যক্তিত্ব শংকর সাওজাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনৈতিক বিশ্লেষক হাসান আবদুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের পরামর্শক মো. আব্দুল কুদ্দুছ, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের অধ্যক্ষ এম এ মান্নান, কবি মো. রফিকুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সাফিউর রহমান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মিরপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কাদের, সাংবাদিক পরিতোষ দেবনাথ প্রমুখ। এ সময় বইটির লেখক অমর সাহাও উপস্থিত ছিলেন।
শংকর সাওজাল বলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনকে ঘিরে গত এক বছরে মুক্তকণ্ঠতে প্রকাশিত প্রতিবেদন নিয়ে এই বইটি তৈরি করা হয়েছে। এর সঙ্গে মুক্তকণ্ঠ ও ভোরের কাগজে বিভিন্ন সময়ে প্রকাশিত কিছু বাছাই করা প্রতিবেদনও রয়েছে। তিনি বলেন, বইটিকে পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচন ও রাজনীতির একটি দলিল বলা চলে।
অধ্যক্ষ এম এ মান্নান বইটিকে মুক্তকণ্ঠের নির্ভীক সাংবাদিকতার একটি প্রতিচ্ছবি বলে মন্তব্য করেন।
অমর সাহা ১৯৬৮ সাল থেকে সাংবাদিকতা করছেন। মুক্তকণ্ঠের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি কলকাতা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এর আগে তিনি ভোরের কাগজের কলকাতা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।






