ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় এই শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় সংঘটিত এই ভূমিকম্পে এত মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশ গভীরভাবে শোকাহত।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে ভূমিকম্পে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

.

প্রধানমন্ত্রী আরও বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ ভেনেজুয়েলার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী ভেনেজুয়েলা সরকারের প্রতি সমবেদনা জানিয়ে এই দুর্যোগ মোকাবিলায় দেশটির জন্য শক্তি, দৃঢ়তা ও দ্রুত পুনরুদ্ধার কামনা করেন।

ভেনেজুয়েলায় কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৩৫–এ দাঁড়িয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত আহত মানুষের সংখ্যা দেড় হাজারের বেশি।

এদিকে ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে আটকে থাকা জীবিত ব্যক্তিদের উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা।

.

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। কয়েক সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প হয়।

দুটি ভূমিকম্পই ভূপৃষ্ঠের খুব কাছাকাছি হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে। অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। অনেকে গৃহহীন হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ভবনে ফিরতে ভয় পাচ্ছেন অনেকে। ফলে তাঁরা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।

.ভেনেজুয়েলায় ভূমিকম্প: ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে প্রাণপণ চেষ্টা, নিহত বেড়ে ২৩৫