চাঁদপুরের হাজীগঞ্জে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারে ছাত্রদলের নেতা–কর্মীদের একাংশ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা একটা থেকে তিনটা পর্যন্ত তাঁদের এই আন্দোলনের কারণে মহাসড়কে অনেক যানবাহন আটকা পড়ে। এতে সাধারণ জনগণ দুর্ভোগে পড়েন।
আন্দোলনরত ছাত্রদলের নেতা–কর্মীরা জানান, হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের যে কমিটি ঘোষণা করা হয়েছে, এতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। এ জন্য তাঁরা অবিলম্বে কমিটি বাতিলের দাবিতে এই আন্দোলন করছেন।
হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. হান্নান বলেন, ‘যে কমিটি করা হয়েছে, টাকাপয়সা খেয়ে করা হয়েছে। আমরা চাই, এই কমিটি বাতিল করে নতুন কমিটি করা হোক।’
জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান বলেন, ‘আমরা জেনেছি, যার নেতৃত্বে এখানে আন্দোলন হয়েছে, সে প্রবাসে থাকে। আর আমরা যে কমিটি করেছি, সেখানে ৫ আগস্টের আগে ও পরে আন্দোলনে ছিলেন, এমন ত্যাগীদের নিয়ে কমিটি করা হয়েছে। তারপরও আমরা বিষয়টি নিয়ে দলীয় সভায় বসে কথা বলব।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘আন্দোলনকারীরা বেলা একটা থেকে হাজীগঞ্জ বাজারে অবস্থান নিয়ে বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। পরে আমরা তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে আনি। এ সময় প্রায় দুই ঘণ্টার মতো হাজীগঞ্জ বাজারে যান চলাচল বন্ধ ছিল। এখন স্বাভাবিক রয়েছে।’
গত সোমবার (২২ জুন) চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসাইন পাটোয়ারী ও সদস্যসচিব জিয়াউর রহমানের যৌথ স্বাক্ষরে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের ১১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরে এই কমিটি অনুমোদন করা হয়।






