রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দক্ষিণ আফ্রিকা থেকে দুটি কমন ইল্যান্ড এবং দুটি ওয়াইল্ড বিস্ট আনা হয়েছে। কমন ইল্যান্ডের একটি পুরুষ ও একটি স্ত্রী। আর ওয়াইল্ড বিস্ট দুটি পুরুষ।

এই প্রাণী চারটিকে জাতীয় চিড়িয়াখানায় আজ মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে অবমুক্ত করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

সুলতান সালাউদ্দিন বলেন, বর্তমান সরকার দেশের চিড়িয়াখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করে যাচ্ছে। প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং বিনোদনের সমন্বয়ে জাতীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, জাতীয় চিড়িয়াখানায় নতুন প্রাণীর সংযোজন সেই উদ্যোগেরই একটি অংশ। নতুন এ প্রাণীগুলোর আগমনে দর্শনার্থীরা যেমন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, তেমনি দেশের প্রাণিবৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রমও আরও সমৃদ্ধ হবে।

এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. বয়জার রহমান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।