লালমনিরহাটের হাতীবান্ধায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।  

এর আগে আজ বেলা তিনটায় তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এখানে পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। লালমনিরহাট জেলা পানি উন্নয়ন বোর্ড দপ্তর সূত্রে এসহ তথ্য পাওয়া গেছে।

.উজানের ঢলে নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি.

এ সম্পর্কে লালমনিরহাট জেলা পানি উন্নয়ন বোর্ড দপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, গত এক-দুই দিনের ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে তিস্তাপারের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব অঞ্চলের জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

.কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা.

এ দিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের সব (৪৪টি) জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

তিস্তার তীরের উত্তর গড্ডিমারী গ্রামের কৃষক মোন্তাজুর রহমান (৫৯) বলেন, তিস্তার তীরবর্তী এলাকার রাস্তাঘাট ডুবে যাওয়ার উপক্রম। এভাবে পানি আসতে থাকলে যেকোনো সময় আরও ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে।