ময়মনসিংহে বিভিন্ন উপজেলার অন্তত ৮টি স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল, শপথসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। গতকাল রোববার ও আজ সোমবার সকালে এসব কর্মসূচির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সদরম ফুলপুর ও তারাকান্দা উপজেলায় দুটি করে স্থানে এবং গৌরীপুর ও ভালুকা উপজেলায় একটি করে স্থানে কর্মসূচি পালনের ভিডিও ফেসবুকে ছড়িয়েছে। আওয়ামী লীগের ফেসবুক পেজ, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য আত্মগোপনে থাকা শরীফ আহমেদ ও জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন নিজের ফেসবুকে এসব কর্মসূচির ভিডিও প্রকাশ করা হয়েছে।
.পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ভালুকায় যুবলীগের উদ্যোগে শেখ হাসিনাকে ফেরাতে ও কর্মসূচি বাস্তবায়নে শপথ পাঠ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। ‘যুবলীগ’ নামের একটি পেজ থেকে গতকাল বিকেল ৫টার দিকে ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিও প্রকাশ করে লেখা হয়, ‘ভালুকা উপজেলা যুবলীগের শপথ। আয়োজনে, শাহরিয়ার হক (সজিব), সংগঠক, ভালুকা উপজেলা যুবলীগ ও সাবেক সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা ছাত্রলীগ।’ ৪৪ সেকেন্ডের ভিডিওতে একটি জাতীয় পতাকা মাঝখানে রেখে চারপাশ ঘিরে মুখে মাস্ক পরা একদল লোককে সামনে হাত তুলে শপথ পড়তে শোনা যায়।
তারাকান্দায় গতকাল সকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা মিছিল হয়। ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা এলাকায় এই মিছিল হয়। এতে নেতৃত্ব দেন তারাকান্দা উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী (মীম)। ১ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিও আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ও আত্মগোপনে থাকা ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনের ফেসবুক থেকে রোববার বিকেলে প্রকাশ করা হয়। শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের লক্ষ্যে ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহ মহানগর ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী পরাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। এ ছাড়া গৌরীপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টারিংয়ের ভিডিও ফেসবুকে দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন।
.ময়মনসিংহে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পরে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার.আজ সোমবার দুপুর ১২টার পর তিনটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য আত্মগোপনে থাকা শরীফ আহমেদ। ময়মনসিংহ সদর, ফুলপুর ও তারাকান্দা উপজেলা পৃথক তিনটি কর্মসূচির ভিডিও প্রকাশ করা হয়। ভিডিও প্রকাশ করে লেখা হয়, ‘আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল।’
এদিকে ফুলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোফাজ্জল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত আড়াইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৪ সালের আগস্টের একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
.শরীয়তপুরের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিং, সতর্ক পুলিশ.এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আমাদের নজরে আসার পর কার্যক্রম নিষিদ্ধ দলটির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারা যেন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারে, সে জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি।’






