নড়াইল সদর উপজেলায় ব্রাজিল সমর্থকের ছবি সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আজ রোববার আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ভুক্তভোগী মির্জা গালিব (২৭) নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা। তাঁর বন্ধু শাহাদাত জালালের (২৮) পক্ষ থেকে আইনি নোটিশ পাঠিয়েছেন নড়াইল জজ আদালতের আইনজীবী ফেরদৌস ইসলাম। শাহাদাত একই এলাকার বাসিন্দা। দুই বন্ধু ব্রাজিলের সমর্থক। অভিযুক্ত সোহাগ ফারাজি (২৮) তাঁদের বন্ধু। তিনিও একই উপজেলার আদমপুর এলাকার বাসিন্দা। তিনি আর্জেন্টিনার সমর্থক।

নোটিশে উল্লেখ করা হয়েছে, শাহাদাত জালালের বন্ধু মির্জা গালিব একজন ব্রাজিল সমর্থক। কিন্তু সোহাগ ফারাজি তাঁর ফেসবুক আইডিতে মির্জা গালিবকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি পোস্ট করেছেন, যা সম্পূর্ণ বেআইনি। যে কারণে নোটিশ প্রেরণকারী শাহাদাত জালাল ও তাঁর বন্ধু মির্জা গালিবের সম্মান ক্ষুণ্ন হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে সোহাগ ফারাজিকে তাঁর এসব ছবি মুছে দিতে হবে এবং বন্ধু মির্জা গালিবের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মির্জা গালিব বলেন, ‘আমিসহ বেশ কয়েকজন ব্রাজিল সমর্থক বন্ধুবান্ধবের ছবি এডিট করে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট করেছে বন্ধু সোহাগ। এ কারণে আমার আরেক বন্ধু শাহাদাত তাকে আইনি নোটিশ পাঠিয়েছে। আমাদের সম্মান ক্ষুণ্ন করার জন্য সোহাগ ওই পোস্ট করেছে। আমরা তার বিচার চাই।’

এ বিষয়ে জানতে সোহাগ ফারাজির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।