বলিউড তারকা আলিয়া ভাটকে নিয়ে মঞ্চেই একের পর এক কৌতুক। কখনো ‘স্ক্রিপ্ট’ নিয়ে খোঁচা, কখনো ‘অ্যাকশন ডিরেক্টর’ নিয়ে মন্তব্য। আর সেই কৌতুক শুনে হাসিতে ফেটে পড়ছেন দর্শক, প্যানেলিস্ট এমনকি আলিয়া নিজেও। ভারতের জনপ্রিয় কমেডি শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মৌসুমের প্রথম পর্বে এমনই এক রোস্ট পারফরম্যান্স এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নেটফ্লিক্স ও ইউটিউবে একযোগে প্রচার শুরু হওয়া ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মৌসুমের প্রথম পর্বই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আলোচনার কেন্দ্রে রয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট। অনুষ্ঠানে অংশ নিয়ে একের পর এক রোস্ট ও ঠাট্টার মুখে পড়েন তিনি। পর্বটি প্রচারের পর অনেক দর্শক তাঁর প্রতি সহানুভূতি প্রকাশ করলেও কেউ কেউ আবার পুরো ঘটনাকে আলিয়ার জনসংযোগ (পিআর) কৌশলের অংশ বলেও মন্তব্য করেছেন।
রোস্টের কেন্দ্রে আলিয়া
স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়নার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি বিচারক হিসেবে হাজির ছিলেন মুক্তির অপেক্ষায় থাকা ‘আলফা’ সিনেমার দুই অভিনেত্রী আলিয়া ভাট ও শর্বরী বাগ।
এক প্রতিযোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের ছদ্মবেশে মঞ্চে ওঠেন। নিজের চরিত্রে থেকে তিনি আলিয়াকে উদ্দেশ করে নানা মন্তব্য করেন। প্রতিযোগীর ফর্ম পড়তে গিয়ে আলিয়া খানিকটা হোঁচট খেলে তিনি মজা করে বলেন, ‘ওকে কেউ একটা স্ক্রিপ্ট আর একজন পরিচালক দাও।’
এই মন্তব্যে দর্শকদের একাংশ হাসলেও আলিয়া পুরো সময় বেশ সংযত ছিলেন। তিনি প্রায় কোনো জবাবই দেননি।
একপর্যায়ে প্রতিযোগী বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, তোমার আরেকজন রণবীর এখানে নেই।’ কথাটি শুনে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন আলিয়া। পরে প্রতিযোগী ব্যাখ্যা করেন, তিনি আলিয়ার স্বামী রণবীর কাপুরকে নয়, বরং ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়াকে ইঙ্গিত করেছেন। ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর প্রথম মৌসুমে বিতর্কিত মন্তব্যের কারণে রণবীর আল্লাহবাদিয়া এবং সময় রায়নাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গও টেনে আনেন তিনি।
.‘আমি একটু ভয় পেয়েছিলাম’
পর্বের একপর্যায়ে সমায় রায়না আলিয়াকে জিজ্ঞেস করেন, তিনি এত চুপচাপ কেন। জবাবে আলিয়া বলেন, তিনি প্রতিযোগীর অভিনয়ে এতটাই অবাক হয়েছেন যে কী বলবেন বুঝে উঠতে পারছিলেন না।
পরে নম্বর দেওয়ার সময় আলিয়া ওই প্রতিযোগীকে ১০-এর মধ্যে ১০ দেন। একই সঙ্গে স্বীকার করেন, পুরো পরিবেশে তিনি কিছুটা অস্বস্তি ও চাপ অনুভব করছিলেন। কারণ, পরিস্থিতি তাঁর কাছে অপ্রত্যাশিত ও অস্বস্তিকর মনে হয়েছিল।
.দর্শকদের প্রতিক্রিয়া
পর্বটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়াকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মনে করেন, অনুষ্ঠানে তাঁকে প্রয়োজনের তুলনায় বেশি রোস্ট করা হয়েছে। একজন দর্শক লেখেন, ‘আলিয়া ভাট এতটাই ভদ্র ছিলেন যে তাঁকে দেখে খারাপ লাগছিল। সবাই তাঁকে নিয়ে মজা করছিল।’
আরেকজন মন্তব্য করেন, ‘আলিয়া কমেডির পরিবেশে খুব স্বচ্ছন্দ নন। সমায়ের অনুষ্ঠানে তাঁকে দেখে সেটা স্পষ্ট বোঝা গেছে।’
তবে অন্য একটি অংশের মতে, রোস্ট সংস্কৃতির অনুষ্ঠান সম্পর্কে আগে থেকেই ধারণা থাকা উচিত ছিল আলিয়ার। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, কেন তাঁর টিম এমন একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিল।
.প্রাপ্তবয়স্ক সনদ বিতর্কের মধ্যেই ৫০ কোটি পার.জনসংযোগ নিয়ে নতুন বিতর্ক
অনলাইনে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আলিয়ার পিআর বা জনসংযোগ টিম। অনেকের দাবি, এমন একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার ফলে অভিনেত্রীকে অপ্রস্তুত অবস্থায় পড়তে হয়েছে।
একজন এক্স ব্যবহারকারী লেখেন, ‘আলিয়ার পিআর টিমের বোঝা উচিত ছিল এই অনুষ্ঠানের ধরন কী। নিজেরাই ঝামেলায় জড়িয়েছেন।’
অন্যদিকে অনেকেই মনে করেন, এই ধরনের বিতর্ক শেষ পর্যন্ত আলিয়ার জন্যই বাড়তি প্রচারণা তৈরি করেছে। কারণ, তাঁর আসন্ন ছবি ‘আলফা’ নিয়েও বর্তমানে ব্যাপক আলোচনা চলছে।
নতুন মৌসুমের শুরুতেই চর্চা
‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর প্রথম মৌসুম যেমন বিতর্ক ও ভাইরাল মুহূর্তে ভরপুর ছিল, দ্বিতীয় মৌসুমও একই পথে হাঁটছে বলে মনে করছেন বিনোদন বিশ্লেষকেরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে






