রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম রেজিনা আক্তার (৩৮)।

চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেজিনা মারা যান।

রেজিনার ভাই জিহাদ ভুঁইয়া মুক্তকণ্ঠকে বলেন, আনুমানিক রাত ৯টার দিকে বিকাশ থেকে টাকা তুলতে মধ্য বাড্ডার বাসা থেকে বের হয়েছিলেন রেজিনা। পরে পরিবারের সদস্যরা খবর পান, রেজিনা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁর পেটে ছুরিকাঘাত করা হয়েছিল।

জিহাদ জানান, রেজিনাকে উদ্ধার করে শুরুতে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেজিনা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, রেজিনার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রেজিনার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি সৌদি আরব প্রবাসী মো. আউয়ালের স্ত্রী। সন্তানদের নিয়ে মধ্য বাড্ডায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের মা।