রাজধানীর বনানী এলাকায় চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তোফায়েল ইসলাম (২০) নামের এক কলেজছাত্র আহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আজ শনিবার বেলা পৌনে তিনটার দিকে বনানী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর চাচাতো বোন শিউলি আক্তার বলেন, তোফায়েল ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় তাঁর (শিউলি) বাসায় বেড়াতে এসেছিলেন। আজ বিকেলে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে করে তিনি গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন।
শিউলি আক্তার বলেন, ট্রেন বনানী এলাকায় পৌঁছানোর পর চার-পাঁচ যুবক তোফায়েলকে ঘিরে ধরে টাকা ও মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তোফায়েলের পিঠে ছুরিকাঘাত করে কিছু না নিয়েই ছিনতাইকারীরা ক্যান্টনমেন্ট ক্রসিং এলাকায় নেমে পালিয়ে যায়।
তোফায়েলের বোন আরও বলেন, ঘটনার পর এক পথচারীর সহায়তায় তোফায়েলকে উদ্ধার করে প্রথমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেল পাঁচটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।






