চট্টগ্রামের ফটিকছড়িতে একতলা পাকা বাড়ির সিঁড়ির রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় এক বীর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হামজার টিলা এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত মুক্তিযোদ্ধার নাম জহুরুল আনোয়ার (৭৫)। তাঁর পরিবারের লোকদের দাবি, তিনি মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে তাঁকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা, নাকি আত্মহত্যা, তা বিস্তারিত বলা যাবে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত জহুরুল আনোয়ারের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। তাঁর দুই ছেলে সংযুক্ত আরব আমিরাতে থাকেন। বাড়িতে তাঁর স্ত্রী, এক ছেলে ও তিন ছেলের স্ত্রী থাকেন। আজ সকালে তাঁর স্ত্রী তাঁকে নাশতা খাওয়ার জন্য ডাকতে যান। তবে তাঁর স্ত্রী তাঁকে ঘরে পাননি। এরপর সিঁড়ির মধ্যে একটি রশিতে তাঁকে ঝুলে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান প্রথম আলোকে বলেন, পরিবারের দাবি, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পাশাপাশি জমিজমা–সংক্রান্ত তাঁর একটি দেওয়ানি মামলা চলমান। এ কারণে তিনি মানসিক চাপে ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা, নাকি আত্মহত্যা, তা জানা যাবে।






