চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় আজ শনিবার সকালে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। মিছিলে অংশ নেওয়া অন্যদের আটক করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আজ সকালে নগরের কোতোয়ালি থানার আওতাধীন নিউমার্কেট এলাকায় এ মিছিল হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিল করছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর মুক্তকণ্ঠকে বলেন, নিউমার্কেট এলাকায় মিছিলের ঘটনায় ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো রঙের দলীয় ব্যানার নিয়ে ঝটিকা মিছিলটিতে অংশ নেন কর্মীরা। মিছিলে ‘শেখ হাসিনা আসছে’, ‘রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পুলিশ বলছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এর আগেও চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন।