নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে সাত শ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ফতুল্লার পাগলা তালতলা এলাকার নির্ঝর নিটওয়্যার কারখানায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর আহত শ্রমিকদের চিকিৎসা, ক্ষতিপূরণ ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে নির্ঝর নিটওয়্যার কারখানায় হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বয়লার রুমের দেয়ালের একটি অংশ ভেঙে যায়। ফিনিশিং সেকশনের সরঞ্জাম ও মালামাল ছড়িয়ে–ছিটিয়ে যায় এবং কাচ ভেঙে যায়। বিস্ফোরণের সময় কাটিং ও ফিনিশিং সেকশনে কর্মরত সাত শ্রমিক আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত শ্রমিকেরা হলেন শাহীন (২৫), জাকির হোসেন (২৫), সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) ও খাদিজা (২০)।
এদিকে দুর্ঘটনার পর আহত শ্রমিকদের চিকিৎসা ও ক্ষতিপূরণ এবং কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় কারখানার উৎপাদন ব্যবস্থাপক জসিম উদ্দিন ও সুপারভাইজার মনির হোসেনসহ বেশ কয়েকজনকে মারধর করা হয়। একপর্যায়ে বেলা ১১টার দিকে তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে মালিকপক্ষ আহত ব্যক্তিদের চিকিৎসার দায়িত্ব এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
শ্রমিকদের অভিযোগ, কারখানার বয়লারটি অনেক পুরোনো ছিল। এটি পরিবর্তন করার জন্য একাধিকবার মালিকপক্ষকে অনুরোধ করলেও তাঁরা ব্যবস্থা নেননি। মালিকপক্ষের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন মুক্তকণ্ঠকে বলেন, নির্ঝর নিটওয়্যারে ছোট একটি ইলেকট্রিক বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই নারীসহ সাত শ্রমিক আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মালিকপক্ষ আহত ব্যক্তিদের চিকিৎসাসহ অন্যান্য দাবি বিবেচনার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আদমজী শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক মুক্তকণ্ঠকে বলেন, বয়লার বিস্ফোরণের ঘটনায় শ্রমিকেরা চিকিৎসা ও ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। পরে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে ২৪ জুন ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা আছে।






