নরসিংদীর রায়পুরা উপজেলায় আহমেদুল কবির (৪২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের কাজী মো. বশির উচ্চবিদ্যালয়–সংলগ্ন এলাকা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত কবির রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ৯টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আজ সকালে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় আহমেদুলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হতে থাকেন। তাঁদের মাধ্যমে খবর পেয়ে রায়পুরা থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহমেদুলের বিরুদ্ধে ৯টি মামলা থাকার বিষয় নিশ্চিত করে রায়পুরা থানার উপপরিদর্শক মো. শফিউল্লাহ মুক্তকণ্ঠকে বলেন, তাঁর মাথায় ধারালো অস্ত্রের ৫-৭টি গভীর কোপের চিহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁকে কুপিয়ে হত্যার ঘটনায় কে বা কারা জড়িত, তা চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।






