রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপিতে) যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুরাছড়ি ও সদর উপজেলার অর্ধশতাধিক নেতা-কর্মী। আজ সোমবার বিকেল চারটায় রাঙামাটি শহরের কাঁঠালতলীতে জেলা বিএনপির কার্যালয়ে সুকুমার দেওয়ানের নেতৃত্বে এনসিপির নেতা-কর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে বিএনপিতে যোগ দেন।
এনসিপির জেলা সদস্য সুকুমার দেওয়ান বলেন, ‘রাঙামাটি সদর উপজেলা ও জুরাছড়ি দুই উপজেলা থেকে আমাদের প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।’
এ প্রসঙ্গে এনসিপির রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, ‘যোগদানের বিষয়টি শুনেছি। কারা যোগদান করেছেন, তা সঠিকভাবে জানি না, তবে সুকুমার দেওয়ানের নাম শুনেছি।’
যোগদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘বাংলাদেশে জাতীয়তাবাদী দলের বিকল্প নেই। বিষয়টি বুঝতে পেরে এনসিপি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন তাঁরা। ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তাঁরা সর্বাত্মক সহায়তা করবেন।’
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ নেতা-কর্মীরা।






