রাজধানীর তেজগাঁও, মিরপুর ও গুলশান এলাকায় গত দুই দিনে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগে ৪৯, মিরপুর থানা এলাকায় ৩১ ও গুলশান থানা এলাকায় ৩০ জন রয়েছেন।
শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার পুলিশ তেজগাঁও থানা এলাকা থেকে পাঁচজন, শেরেবাংলা নগর থেকে ছয়জন, মোহাম্মদপুর থেকে ১৬ জন, আদাবর থেকে সাতজন, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে আটজন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া শুক্রবার গুলশান থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






