বলিউড অভিনেত্রী শেহনাজ গিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচ দেখতে স্টেডিয়ামে নিয়মিত যাচ্ছেন। তবে তাঁর উপস্থিতি নিয়ে জল্পনা চলছে কারণ তিনি শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র ম্যাচেই হাজির হচ্ছেন। অনেকে গুঞ্জন করছেন যে, দলের ক্রিকেটার দেবদূত পাড়িক্কলের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছে।

যদিও শেহনাজ বা দেবদূত এ নিয়ে কোনো মন্তব্য করেননি। সম্প্রতি এক ম্যাচের সাইডলাইনে কথা বলার সময় প্রিয় ক্রিকেটারের নাম জানতে চাওয়ায় শেহনাজ বলেন, “আমি বিরাটকে ভালোবাসি। আর মাঠে দেবদূত পাড়িক্কলকে খেলতে দেখতে ভালো লাগে।” এরপর থেকে দুজনকে নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে।

আগে শেহনাজ একটি রিল ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, “দিল আরসিবি মে হ্যায় (আমার মন পড়ে আছে আরসিবিতে)।” এই পোস্ট ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এছাড়া কয়েকটি ম্যাচে গ্যালারিতে বসে আরসিবিকে সমর্থন করতে দেখা গেছে তাঁকে। দলের জয়ের পর আরসিবির জার্সি পরে ছবি তোলাও তিনি পোস্ট করেছেন।

গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও পোস্ট করে শেহনাজ উচ্ছ্বাস প্রকাশ করেন। মন্তব্যে অনেকে তাঁকে “আরসিবির লাকি গার্ল” বলে সম্বোধন করেছেন।

শেহনাজ গিল পাঞ্জাবি বিনোদন জগত থেকে ক্যারিয়ার শুরু করেন। “বিগ বস ১৩”-এ অংশগ্রহণের পর তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে সালমান খান অভিনীত “কিসি কা ভাই কিসি কি জান” ছবিতে বলিউডে অভিষেক ঘটে তাঁর। এছাড়া “থ্যাঙ্ক ইউ ফর কামিং” ছবিতেও অভিনয় করেছেন তিনি। ছবিটি ২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। সবশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া পাঞ্জাবি চলচ্চিত্র “ইক কুড়ি”-তে দেখা গেছে শেহনাজ গিলকে।

এনডিটিভি অবলম্বনে