দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটাতে অগ্রণী ভূমিকা রাখা ছয়জন ব্যতিক্রমী ব্যক্তিত্বকে ‘এম-রাইজ হিরো’ সম্মাননা প্রদান করেছে।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে গতকাল বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ ‘এম-রাইজ গালা নাইট’-এ জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান সম্মানিত ব্যক্তিদের হাতে ক্রেস্ট তুলে দেন।
সম্মানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের প্রযুক্তি উদ্ভাবক জয় বড়ুয়া লাবলু, যিনি স্বল্প খরচে বায়োনিক হাত তৈরি করে বহু মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছেন। কক্সবাজারের মো. রোস্তম আলী ‘মা-বাবা ফাউন্ডেশন’-এর মাধ্যমে অবহেলিত বৃদ্ধ ও এতিম শিশুদের আশ্রয় ও সহায়তা প্রদান করছেন। ঢাকার প্রাণিসেবক মো. আবদুল কাইয়ুম পথপ্রাণী উদ্ধার ও চিকিৎসায় অবদান রাখছেন। চট্টগ্রামের মো. রিজওয়ান ‘এক টাকায় শিক্ষা’ উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় সহায়তা করছেন। কক্সবাজারের মরিয়ম সমুদ্রশৈবাল চাষের মাধ্যমে উপকূলীয় নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছেন। এছাড়া প্রসেনজিৎ কুমার সাহা ‘উচ্ছ্বাস’ উদ্যোগের মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসচেতনতায় কাজ করে যাচ্ছেন।
সম্মানিত ব্যক্তিরা আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন। প্রযুক্তি উদ্ভাবক জয় বড়ুয়া বলেন, “প্রযুক্তি মানুষের জীবন সহজ করবে। এই সম্মাননা আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।” মা-বাবা ফাউন্ডেশনের রোস্তম আলী বলেন, “অবহেলিত বৃদ্ধ ও এতিম শিশুর জন্য কাজ করতে গিয়ে মানবিক মূল্যায়ন পেয়ে আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ জানাই।”
চিত্রনায়ক শাকিব খান বলেন, “যাঁরা সমাজে নীরবে কাজ করছেন, তাঁরা আসল হিরো। এ ধরনের প্ল্যাটফর্ম সমাজকে অনুপ্রাণিত করবে।”
আবুল খায়ের গ্রুপের শেখ শাবাব আহমেদ বলেন, “নতুন অনুপ্রেরণার গল্প গড়ে তুলতেই এম-রাইজের যাত্রা শুরু। শুধু ব্যবসা নয়, মানুষের উন্নয়নে আমরা সব সময় নিবেদিত।”
এম-রাইজ প্ল্যাটফর্ম আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে এটি শুধু সম্মাননা নয়, বরং সমাজ পরিবর্তনের গল্প ছড়িয়ে দেওয়ার প্ল্যাটফর্ম।






