মুক্তকণ্ঠ ট্রাস্টের নিয়মিত আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভায় মাদকের মারাত্মক প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য তরুণদের আগাম সতর্ক থাকার উপদেশ দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. কবীরুল হাসান। ২০২৩ সালের ৯ মে ময়মনসিংহ নগরের রয়েল মিডিয়া কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পরামর্শ প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপরিচালক মো. খোরশেদ আলম এবং পরিদর্শক মো. কবীরুল হাসান।

সভায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘তোমরা এখন কেউ মাদক সেবন কর না। এটি জেনেও আমরা তোমাদের কাছে এসেছি। কারণ, তোমাদের সামনে হাতছানি রয়েছে, যাতে তোমরা কোনো হাতছানিতে পড়ে মাদকের দিকে ধাবিত না হও। মাদকাসক্ত হওয়ার আগে থেকেই সচেতন হওয়া গেলে তোমরা অনেক নিরাপদ থাকবে মাদক থেকে। মাদকাসক্তি শুরু হওয়ার পর তা থেকে ফিরে আসা অত্যন্ত কঠিন। তাই কৌতূহল বা কারো প্ররোচনায় পড়ে জীবনের প্রথম ভুলটি যেন কেউ না কর, সে বিষয়ে তোমাদের সব সময় সজাগ থাকতে হবে।’