লালমনিরহাট সদরের গোকুন্ডায় অটোরিকশার যাত্রী এক তরুণের কাছ থেকে ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার উদ্ধার করে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। টহল পুলিশের সদস্যরা তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে পুলিশ চেকপোস্টের সামনে থেকে এ অর্থ বাজেয়াপ্ত করেন।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার লাকুম সরকার ওরফে লিখনকে (২৩) ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করা হয়। পরবর্তীতে তাকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়। লাকুম সরকার কুড়িগ্রাম সদর উপজেলার হাটিরপাড় ঘোষপাড়ার নুরনবী সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে টহল পুলিশ অটোরিকশার যাত্রী লাকুম সরকারকে তল্লাশি করে তার কাছ থেকে ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার উদ্ধার করে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি টাকার সমান।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বুধবার রাতে ঘটনার সময় উপস্থিত সাক্ষীদের সামনে লাকুম সরকারকে তল্লাশি করে তাঁর শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি নোট এবং ৫০ ডলারের ২৪টি নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা মুদ্রার পরিমাণ ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।”
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গতকাল রাত সাড়ে ১০টার দিকে বলেন, অভিযুক্ত লাকুম সরকারের বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।






