২০২৬ ফিফা বিশ্বকাপ শুধু ৪৮ দলের অংশগ্রহণ এবং যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনের জন্যই স্মরণীয় হবে না। এই টুর্নামেন্টে বিশ্বকাপের ইতিহাসে এক হাজারতম ম্যাচ অনুষ্ঠিত হবে, যা একটি বিশেষ মাইলফলক।

১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ শুরুর পর ২০২২ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত মোট ৯৬৪টি ম্যাচ খেলা হয়েছে। ২০২৬-এর ৪৮ দলের ১০৪ ম্যাচের বিস্তৃত আয়োজন এই সংখ্যাকে দ্রুত হাজারে পৌঁছে দেবে। গ্রুপ পর্বেই এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হবে।

গ্রুপ ‘এফ’-এর জাপান-তিউনিসিয়া ম্যাচটিই হবে বিশ্বকাপের হাজারতম ম্যাচ। এটি অনুষ্ঠিত হবে ২০ জুন মেক্সিকোর মন্তেরে-এর বিবিভিএ স্টেডিয়ামে।

২০১৫ সালে উদ্বোধন করা এই স্টেডিয়ামে প্রায় ৫০ হাজারের বেশি দর্শক বসতে পারে। আন্তর্জাতিক মানের এই স্টেডিয়াম বিশ্বকাপের জন্য সম্পূর্ণ উপযুক্ত।

লাতিন আমেরিকার প্রথম ‘লিড সার্টিফায়েড’ বা পরিবেশবান্ধব স্টেডিয়াম হিসেবে পরিচিত এটি। ছাদ ঝুলন্ত এবং বাইরের কাঠামো ঢেউখেলানো পাহাড়ের মতো, যা পাশের সেরো দে লা সিলা পাহাড় থেকে অনুপ্রাণিত। কনক্যাকাফ গোল্ড কাপসহ বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে এটি বিশ্ব ফুটবল মানচিত্রে স্থান করে নিয়েছে। এবার হাজারতম ম্যাচের মাধ্যমে এটিও ইতিহাসের অংশ হবে।

বিশ্বকাপের প্রথম ম্যাচের সঙ্গেও জড়িত ছিল মেক্সিকো। ১৯৩০ সালের উদ্বোধনী ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ হিসেবে খেলেছিল মেক্সিকো এবং ৪-১ গোলে পরাজিত হয়। ১৩ জুলাই উরুগুয়ের মন্টেভিডিও স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচ।