লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় একজন আটককে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়া হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন হাতীবান্ধা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আইয়ুব আলী ও রফিকুল ইসলাম। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গতকাল দুপুরে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ একজনকে আটক করে হাতকড়া পরানো হয়। কিন্তু আটকের খবর ছড়িয়ে পড়তেই অন্য মাদক ব্যবসায়ীরা দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা এএসআই আইয়ুব আলী ও রফিকুল ইসলামকে পিটিয়ে আহত করেন এবং হাতকড়াসহ একজনকে ছিনিয়ে নিয়ে যান।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “মাদক ব্যবসায়ীদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য এলাকায় ব্যাপক অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই তাঁদের আইনের আওতায় আনা হবে।”