রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে রাফি হোসাইন (২০) নামের এক তরুণ আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাফির পিঠের ডান পাশে গুলি লেগেছে।

রাফিকে হাসপাতালে নিয়ে যান তাঁর বন্ধু সজীব। মুক্তকণ্ঠকে তিনি বলেন, রাত সোয়া ৮টার দিকে ‘কিশোর গ্যাংয়ের’ কয়েকজন সদস্য শহীদনগর ৩ নম্বর গলিতে এসে তাঁর কাছে জানতে চায় ‘শাহীন কোথায়’। তখন তিনি জানেন না বলে জানালে দুর্বৃত্তরা তাঁকে মারধর করে। এরপর তিনি তাঁর বন্ধু একই এলাকার বাসিন্দা রাফিকে ডেকে নিয়ে এলে দুর্বৃত্তদের একজন রাফির পিঠের ডান পাশে গুলি করে।

সজীব দাবি করেন, হামলাকারীরা শহীদনগর এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য। গুলিবিদ্ধ রাফি অনলাইনে টি-শার্টের ব্যবসা করেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন আলী বলেন, কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে খোঁজ নিচ্ছে। জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।