সাবেক সেনা কর্মকর্তা মো. হাসিনুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানহানির মামলা দায়ের করেছেন জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ এই মামলার শুনানি হয়। শুনানির পর আদালত আগামী ২৪ জুন তারিখ নির্ধারণ করেন পরবর্তী শুনানির জন্য।
গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় বর্তমানে ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিচার চলছে।
মামলার আরজিতে নাজনীন নাহার অভিযোগ করেন, ট্রাইব্যুনাল প্রাঙ্গণে একদিন হাসিনুর রহমান তাঁকে অশালীন ভাষায় আক্রমণ করেছেন। এছাড়া অন্য একদিন হাসিনুর তাঁর সন্তানের ক্ষতি করার হুমকি দিয়েছেন বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।
শুনানিতে হাসিনুর রহমান তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ ভিত্তিহীন বলে ট্রাইব্যুনালে দাবি করেছেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জুন মাসের ২৪ তারিখ নির্ধারণ করেন পরবর্তী শুনানির জন্য।






