গাজীপুরের শ্রীপুর উপজেলার ডোয়াইবাড়ি গ্রামে বাড়ির কাছাকাছি জঙ্গলের ধার থেকে অটোরিকশাচালক আসিফ মিয়া (২৫)-এর গলাকাটা লাশ পুলিশ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
ডোয়াইবাড়ি এলাকার বাসিন্দা আসিফ মিয়ার বাবা জাকির হোসেন এবং মা আসমা খাতুন। তিনি নানা আবুল কালামের বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন।
আসিফের এক স্বজন আজহার উদ্দিন জানান, গতকাল সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে তিনি বাড়ি ফেরেননি। রাতভর নানা জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বাড়ির পাশের জঙ্গলে স্থানীয় কয়েকজন তার গলাকাটা লাশ দেখতে পান।
প্রত্যক্ষদর্শীরা লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের কাছ থেকে আসিফের অটোরিকশাও উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির পাশেই আসিফের অটোরিকশা পড়ে ছিল। কিছুটা দূরে জঙ্গলে তার লাশ পাওয়া যায়। লাশের আশপাশে একটি ওড়না, ক্যাপ, দুই জোড়া জুতা ও নারীদের ব্যবহৃত মাথার ক্লিপ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।






