ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় নিখোঁজের এক দিন পর চার বছর বয়সী এক শিশুর কাদামাখা মরদেহ পুলিশ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের একটি ভুট্টাখেত থেকে এ মরদেহটি পাওয়া যায়।

ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজন এক কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। শিশুটি ধর্মগড় ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের পর থেকে শিশুটির খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা এদিক-ওদিক খুঁজেও তার সন্ধান পাননি। আজ সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন ভুট্টাখেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্বজনেরা গিয়ে মরদেহটি শনাক্ত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রানীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় কয়েকজন জানিয়েছেন, গতকাল দুপুরে শিশুটিকে ওই কিশোর ভুট্টাখেতের দিকে নিয়ে যাচ্ছিল বলে দেখেছেন।

ওসি আরও বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে ওই কিশোর। তবে ধর্ষণের বিষয়ে সে কোনো তথ্য জানায়নি। স্বাস্থ্য পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।