‘আমি বাসার দিক উঠছিলাম। হঠাৎ দেখি রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটা দোকানের দিকে যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই দেখি ট্রাকটা সজোরে ওই দোকানে ধাক্কা দেয়। ট্রাকের রডগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে আর মানুষটা চলে যায় ট্রাকের নিচে। পরে সবাই চেষ্টা করে তাঁকে কোনোভাবে বের করি। পরে পুলিশ এসে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাঁকে।’

চট্টগ্রামের কসমোপলিটন এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলে রডবোঝাই ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হন। এভাবে ঘটনার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রিয়াদ। নিহতের নাম আবদুল মান্নান (৬১)। তিনি কসমোপলিটন আবাসিক এলাকার ১১ নম্বর সড়কের একটি ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন। স্থানীয় লোকজন এ কথা জানান।

প্রত্যক্ষদর্শীদের বরণনা অনুসারে, বিকেল সাড়ে চারটার দিকে একটি রডবোঝাই ট্রাক কসমোপলিটন আবাসিক এলাকার ভেতরের সড়ক দিয়ে চলছিল। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইলেকট্রনিকসের দোকানে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর ট্রাকের রডগুলো ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে আবদুল মান্নান মারা যান।

ঘটনাস্থলে পৌঁছানো পাঁচলাইশ থানার কনস্টেবল মীর মোশাররফ হোসেন জানান, আবদুল মান্নান নোয়াখালী জেলার বাসিন্দা। তাঁর মরদেহ এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনি প্রক্রিয়া শেষ করে লাশ হস্তান্তর করা হবে।