চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদার টাকা না পাওয়ায় সন্ত্রাসীরা এক পুলিশ তথ্যদাতার বাড়ির সামনে গুলি চালিয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দিঘির পাড় এলাকায় আবছার উদ্দিনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবছার উদ্দিন চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, ‘এক মাস ধরে সন্ত্রাসীরা আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দেওয়ায় আজ সকালে সন্ত্রাসী কালা মোবারক, মো. কাদের, মো. হারেছ, পারভেজ, সেলিমসহ সাতজন অস্ত্র নিয়ে বাড়ির সামনে আসেন। তখন আশপাশের লোকজন জানতে পেরে চিৎকার করতে থাকেন। ওই সময় সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে চলে যান। পরে তাঁরা বাড়ির পাশের দোকান লক্ষ্য করেও গুলি করেন।’
আবছার উদ্দিন আরও জানান, তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। পাশাপাশি তাঁর গাছের ব্যবসা রয়েছে। কিছুদিন আগে একটি লাশ উদ্ধারের ঘটনায় পুলিশকে তথ্য দেওয়ায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাঁর কাছে চাঁদা দাবি করছে।
সন্ত্রাসী সাজ্জাদসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের হয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কাঁধে ব্যাগ নিয়ে সাতজন লোক সেখানে আসে। তাঁদের দুজনের হাতে অস্ত্র ছিল। তারা রাস্তার পাশে আবছারের বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে গালাগাল দেয়। টাকা না দিলে সব জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে তারা গুলি ছুড়তে ছুড়তে চলে যায়।
পুলিশ জানায়, অস্ত্র হাতে আসা সন্ত্রাসীরা বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত ওসি রবিউল আলম খান আজ বিকেলে মুক্তকণ্ঠকে বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।






