নারায়ণগঞ্জ শহরের চানমারী মাউরাপট্টি এলাকায় দুর্বৃত্তরা ডিশ লাইনের ব্যবসায়ী মো. নাসিরকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয় থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলের পাশের একটি বাড়ি থেকে পুলিশ রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। নিহত নাসির চানমারী মাউরাপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে ছিলেন। তিনি ‘ফ্রেন্ডস কেব্‌ল’ নামক ডিশ ও কেব্‌ল ব্যবসাপ্রতিষ্ঠানের অংশীদার ছিলেন। পরিবারের অভিযোগ, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের জানানো মতে, আজ বেলা একটার দিকে মাউরাপট্টি এলাকার ফ্রেন্ডস কেব্‌লস প্রতিষ্ঠানে মো. নাসিরকে কুপিয়ে আঘাত করা হয়। চিৎকার শুনে স্থানীয়রা এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইরফান হোসেন জানান, নিহত ব্যক্তির শরীরে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন আছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আলাউদ্দিন জানান, কালো পাঞ্জাবি পরিহিত একজনকে রক্তমাখা ছুরি হাতে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন। নিহত নাসিরের স্ত্রী সায়মা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামীর সঙ্গে ব্যবসায়িক অংশীদার আব্দুস সালামের (বাবু) বিরোধ আছে। এর জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। তিনি ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম মুক্তকণ্ঠকে বলেন, ছুরিকাঘাতে নাসির নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। পাশের একটি বাড়ি থেকে রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।