জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এখন এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ। এতে একমাত্র আসামি হাসানুল হক ইনু।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ বৃহস্পতিবার এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর উপস্থিতিতে আজ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের উদ্দেশ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকার মানবতাবিরোধী অপরাধ করেছে বলে অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।
এই মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেওয়া, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেওয়া ইত্যাদি অভিযোগ রয়েছে।






