নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুক্তিশপুর গ্রামের একটি বাড়িতে ব্যবসায়ী নজরুল ইসলামের (৪৫) মরদেহ পুলিশ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার সকালে মোগরাপাড়া ইউনিয়নের এই গ্রাম থেকে লাশটি পাওয়া যায়।

নজরুলের স্ত্রী শাহানাজ বেগমের জানানো, গতকাল বুধবার রাতে মুখোশধারী ডাকাতদের চিনতে পারায় স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তবে পুলিশের প্রাথমিক তদন্তে বাড়িতে ডাকাতির স্পষ্ট কোনো চিহ্ন পাওয়া যায়নি। নজরুল গাজী মিয়ার ছেলে এবং সুতা ব্যবসায়ী ছিলেন।

শাহানাজ বেগম সাংবাদিকদের বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে চার–পাঁচজন ব্যক্তি বাড়ির সামনে এসে নজরুল ইসলামের নাম ধরে ডাকেন। দরজা খুললে মুখোশধারী ডাকাতরা ঘরে ঢুকে নজরুলের হাত-পা বেঁধে মারধর শুরু করে। পরে শাহানাজকেও হাত-পা ও গলা বেঁধে নির্যাতন করা হয়।

ডাকাতরা ঘরের চাবি নিয়ে আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট নিয়ে যায়। এসময় ডাকাতদের চিনে ফেলায় স্বামীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে শাহানাজ দাবি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নজরুলের মরদেহ উদ্ধার করে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার মুক্তকণ্ঠকে বলেন, প্রাথমিকভাবে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন আছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নজরুলের স্ত্রীর হাত-পা বাঁধার চিহ্ন পাওয়া গেছে।

ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত চলছে জানিয়ে ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা বা দেনা–পাওনার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।