আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে বার্তা আদান-প্রদান আরও নিরাপদ করতে অ্যাপল ও গুগল আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) বার্তায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করেছে। এই নতুন ব্যবস্থায় ভিন্ন অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের মধ্যে বিনিময় হওয়া বার্তাগুলো আগের চেয়ে বেশি সুরক্ষিত থাকবে।
আগে আইফোন ও অ্যান্ড্রয়েডের মধ্যে আদান-প্রদানকৃত বার্তায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন ছিল না। ফলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে এই নতুন সুবিধার একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। বার্তা প্রেরক ও প্রাপকের ফোনের পাশাপাশি মোবাইল অপারেটরকেও এই প্রযুক্তি সমর্থন করতে হবে। অর্থাৎ, কোনো গ্রুপ চ্যাটে একজনের ফোন এই প্রযুক্তি সমর্থন না করলে বার্তাগুলো এনক্রিপটেড হবে না।
অ্যাপল জানিয়েছে, আইওএসের সর্বশেষ সংস্করণ আইওএস ২৬.৫–এ চলা আইফোনে পরীক্ষামূলকভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড আরসিএস বার্তা সুবিধা চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণে চলা গুগল মেসেজেস অ্যাপেও এই সুবিধা রয়েছে। ফলে সর্বশেষ সংস্করণের অ্যান্ড্রয়েড ও আইওএসে চলা আইফোন ও স্মার্টফোনে এনক্রিপটেড বার্তা আদান-প্রদান সম্ভব হয়েছে।
এই নিরাপত্তা ব্যবস্থা ব্যবহারের জন্য আলাদা কোনো সেটিংস চালু করার দরকার নেই। স্মার্টফোন ও মোবাইল নেটওয়ার্ক সমর্থন করলেই এনক্রিপশন স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করবে। অ্যাপল ও গুগলের তথ্যমতে, কোনো বার্তা এনক্রিপটেড হলে বার্তার পাশে ছোট তালা চিহ্ন এবং ‘এনক্রিপটেড’ লেখা দেখা যাবে। এই চিহ্ন না থাকলে বার্তাটি এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে না।
প্রসঙ্গত, এন্ড-টু-এন্ড এনক্রিপশন এমন এক প্রযুক্তি যেখানে প্রেরকের যন্ত্রেই কোডের মাধ্যমে বার্তা এনক্রিপ্ট করা হয় এবং প্রাপকের কাছে পৌঁছানো পর্যন্ত সক্রিয় থাকে। এতে মাঝপথে কেউ বার্তা আটকালেও তা পড়তে পারে না। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় এটিকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে গণ্য করা হয়।
সূত্র: টেক রাডার






